পবিত্র রমজান মাস উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাস মানুষকে নৈতিকতা, সততা ও মানবিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করে।

বাণীতে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘রমজান মানুষের ব্যক্তিগত ও জাতীয় জীবনে শান্তি, সমৃদ্ধি ও ন্যায় প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। সিয়াম, দান ও ইবাদতের মাধ্যমে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। এই মাসের শিক্ষা আমাদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে।’

তিনি আরও বলেন, ‘রমজানের মূল শিক্ষা হলো আত্মসংযমের মাধ্যমে অন্তরের পবিত্রতা অর্জন করা।’ হিংসা, বিদ্বেষ ও বিভাজন পরিহার করে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন পবিত্র রমজান মাস বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বের জন্য কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। তিনি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।