যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাউথ ফ্লোরিডায় অনুষ্ঠিত ৯ম ফারাজ স্মৃতি টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এ পরপর তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ওকল্যান্ড পার্ক ক্রিকেট ক্লাব।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত দলীয় নৈপুণ্য, শৃঙ্খলাবদ্ধ পারফরম্যান্স এবং আত্মবিশ্বাসী খেলায় প্রতিপক্ষকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় দলটি। টানা তিনবার এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ওকল্যান্ড পার্ক ক্রিকেট ক্লাব প্রবাসী বাংলাদেশি ক্রিকেটাঙ্গনে একটি অনন্য নজির স্থাপন করেছে।
এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ব্রাওয়ার্ড কাউন্টিতে বসবাসরত বাংলাদেশি ক্রিকেটাররা প্রবাসে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করেছেন। দলটির এই সাফল্যে সাউথ ফ্লোরিডার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ওকল্যান্ড পার্ক ক্রিকেট ক্লাব একই ধারাবাহিকতা বজায় রেখে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গর্ব হয়ে থাকবে।
চ্যাম্পিয়ন হওয়ার পর দলের পক্ষ থেকে সমর্থক, শুভানুধ্যায়ী, স্পন্সর এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পরপর তিনবারের শিরোপা জয়ের মধ্য দিয়ে ওকল্যান্ড পার্ক ক্রিকেট ক্লাব আবারও প্রমাণ করেছে যে ঐক্য, পরিশ্রম ও দলগত চেতনা থাকলে সাফল্য অর্জন সম্ভব।












