টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কূপে পড়া একটি ছাগল উদ্ধার করতে নেমে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার গারো জনপদ জলই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বাবা বাবুল হাদিমা (৪৮), ছেলে নেইমার ম্রং (১০), বাবুল হাদিমার শ্যালক রতন নকরেক (২৬) ও ভগ্নিপতি গাব্রিয়েল সাংমা (৪২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক।
তিনি বলেন, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।












