পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে কমপক্ষে ৪৪ সন্ত্রাসী নিহত হয়েছে। তবে একই সময়ে জঙ্গিদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, বুধবার (২৯ জুলাই) গভীর রাতে খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি)-সহ তিন পুলিশ কর্মকর্তা নিহত হন।

প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখাওয়ার হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীরা হামলা চালালে পুলিশের এক ডিএসপিসহ তিন কর্মকর্তা নিহত ও ১৮ সদস্য আহত হন। তবে নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে সেখানে আটজন হামলাকারী সন্ত্রাসী নিহত হয়। এছাড়া খাইবার জেলায় সামরিক বাহিনীর একাধিক অভিযানে ২৪ জন এবং বেলুচিস্তানের নুশকি জেলায় পৃথক অভিযানে আরও আট সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর)।

অন্যদিকে খাইবার পাখতুনখাওয়ার সোয়াত উপত্যকায় চলমান অভিযানে আরও চার সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। এসব অভিযানে বিপুল পরিমাণ উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধির পেছনে আফগানিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) দায়ী করে আসছে ইসলামাবাদ, যদিও তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।