যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো- জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দুপুর একটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে তিন শিশু। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। ঘটনার বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামদিয়া ইউনিয়নের পরিষদের মেম্বার সরোয়ার হুসাইন জানান, পুকুরটি মৃত্যুবরণকারী শিশু ফাহিমাদের পরিবারের। পুকুরটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে লোকজন গোসল করতেন না। পুকুরটি বাগানের মধ্যে হওয়ায় এর বেশ কিছু অংশের গভীরতা সম্পর্কেও স্থানীয়দের সতর্কতা ছিল।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, পুকুরটি শিশু ফাহিমাদের পরিবারের। এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল এবং সেখানে সাধারণত লোকজন গোসল করতে যেতেন না। স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।











