হ্যারি কেইন বিশ্বকাপে দারুণ এক কীর্তি গড়লেন। তিনি ফুটবলের সর্বোচ্চ আসরে পেলের গোলসংখ্যা ছাড়িয়ে গেছেন। কঙ্গো ডিআরের বিপক্ষে ম্যাচের শেষদিকে তিনি জোড়া গোল করেন। এই জোড়া গোলে ইংল্যান্ড ২-১ ব্যবধানে জিতে যায়। এই জয়ে ইংল্যান্ড বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিল।
ম্যাচের শুরুতেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানে ডিআর কঙ্গো। মাত্র সাত মিনিটের মাথায় ব্রিটিশদের স্তব্ধ করা এক গোলে লিড এনে দেন ব্রায়ান সিপেঙ্গা। গোল হজম করে এলোমেলো খেলতে থাকে ইংল্যান্ড।
প্রথমার্ধের পানি বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও কিন্তু ডিআর কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসির বাধায় আর গোল পাওয়া হয়নি কেইনদের।
মাঝে ৪২ মিনিটে বক্সের ভেতরে ব্যাবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন কঙ্গোর উইসা। অ্যারন ওয়ান-বিসাকার বাড়ানো বলে তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে।
এর দুই মিনিটের মাথায় কঙ্গোর ডি বক্সে কঙ্গোর গোলকিপার লিওনেল এমপাসির বাধায় পড়ে যান কেইন।
তবে বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে ১১ মিনিটের ব্যবধানে ম্যাচের ভাগ্য বদলে দেন হ্যারি কেইন। ৭৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের নিখুঁত ক্রস থেকে হেডে ইংল্যান্ডকে সমতায় ফেরান অধিনায়ক। এরপর ৮৬তম মিনিটে আবারও গর্ডনের পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে বল জালে পাঠিয়ে দলের ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন কেইন।
এই জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপে কেইনের মোট গোল সংখ্যা দাঁড়াল ১৩-তে, যা ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপ গোলসংখ্যাকে (১২টি) ছাড়িয়ে গেছে। চলতি আসরে এটি কেইনের পঞ্চম গোল। অন্যদিকে বীরত্বপূর্ণ লড়াই করেও আসর থেকে বিদায় নিতে হলো ডিআর কঙ্গোকে।












