প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই ঘোষণা বাস্তবায়ন করতে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো শনিবার তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেন তিনি।

তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এর আগে ১৯ ফেব্রুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকারি কার্যক্রম দ্রুত করতে সপ্তাহের ছুটির দিনেও অফিস করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়েই আজকের এই অফিস যাত্রা।

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এসময় সংশ্লিষ্টরা দেশের প্রধানমন্ত্রীকে এত কাছাকাছি পেয়ে আবেগাপ্লুত হন।

কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ করেন এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তী সময় প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন।