আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম ও উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর রাজনৈতিক ও পেশাগত সহকর্মী শ ম রেজাউল করিম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্ণাঢ্য রাজনৈতিক ও পেশাগত জীবনের অধিকারী ইউসুফ হোসেন হুমায়ুন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার সভাপতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেড়ে দেওয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এছাড়াও জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম প্রধান আইনজীবী হিসেবে তিনি আইনি লড়াই পরিচালনা করেছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এই প্রয়াণে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।












