ফরিদপুরের নগরকান্দায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। তবে বাসের চালক, হেলপার বা যাত্রীদের কেউ গুরুতর আহত হননি। রোববার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের আলমগীর হোসেন (৫৮), তার ভাই জাহাঙ্গীর হোসেন (৬২), তাদের বাবা আব্দুল ওয়াহেদ মোল্যা, আলমগীর হোসেনের স্ত্রী খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া নিহত অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২২) মাদারীপুর সদর এলাকার শাহজাহান মাতুব্বরের ছেলে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজাদ সংবাদমাধ্যমকে জানান, শংকরপাশা বাজারে বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্সের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি দুজনের মরদেহ বের করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখাসহ এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।












