বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স ও ডিজিটাল বিপণন খাতের উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বিজ্ঞাপনের বিল পরিশোধের ব্যবস্থায় দেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। এর ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক ঋণ বা ডেবিট কার্ডের ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

এরই মধ্যে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর অ্যাকাউন্টে এই সুবিধা দেখা গেছে এবং তারা সফলভাবে বিকাশের মাধ্যমে বিজ্ঞাপনের বিল পরিশোধও করেছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু হয়নি, তবুও এটি বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

এত দিন বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা কিংবা অন্যান্য ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তারা নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। অনেক নতুন উদ্যোক্তার জন্য এসব শর্ত পূরণ করা ব্যয়বহুল ও জটিল ছিল।

বিকাশের মতো দেশীয় মোবাইল আর্থিক সেবা যুক্ত হলে স্থানীয় মুদ্রায় আরও সহজে বিজ্ঞাপনের খরচ পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা নতুন পেমেন্ট সুবিধা সবার জন্য চালুর আগে ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে চালু করে। তাই বর্তমানে ফিচারটি সব অ্যাকাউন্টে দৃশ্যমান না হলেও, ট্রায়াল সফল হলে এটি পর্যায়ক্রমে আরও বেশি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হতে পারে।

এদিকে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।