বগুড়ায় বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ফ্লাইওভারের ওপর ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সকাল ৮টার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
এদিকে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়া হয়।












