ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) লাইভেবিলিটি ইনডেক্সে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বের তৃতীয় বসবাস উপযোগী শহরের তালিকায় ঢাকার নাম থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। এনিয়ে আমাদের অবশ্যই সিরিয়াস হয়ে চিন্তা করা জরুরি।”

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশের অধিকাংশ মানুষই পরিবেশের গুরুত্ব ও সুরক্ষার বিষয়ে এখনো অসচেতন। এই পরিস্থিতির পরিবর্তনে সাধারণ মানুষের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি করার ওপর জোর দেন তিনি।

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তবে কোন অঞ্চলে এবং কেমন পরিবেশে কী ধরনের গাছ লাগানো উচিত—সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। বিশেষ করে মাটির উর্বরতা ও ভূগর্ভস্থ পানির জন্য ক্ষতিকর ইউক্যালিপটাসের মতো গাছ লাগানো থেকে সর্বস্তরের মানুষকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানান।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় অসাধারণ ও গৌরবোজ্জ্বল অবদান রাখায় তিনটি প্রতিষ্ঠান এবং তিনজন বিশিষ্ট ব্যক্তিকে ‘জাতীয় পরিবেশ পদক’ প্রদান করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য সাতটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২১ জনের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) বিশ্বের প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ‘ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট’ (ইআইইউ) বিশ্বজুড়ে ১৭৩টি শহরের ওপর জরিপ চালিয়ে বসবাসের অযোগ্য শহরের তালিকা প্রকাশ করে। সেই সূচকেই বিশ্বের তৃতীয় শীর্ষ বসবাস অযোগ্য শহর হিসেবে ঢাকার নাম উঠে আসে। এর আগে ২০২৫ সালেও বাংলাদেশের রাজধানী এই একই অবস্থানে ছিল।