বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে মিষ্টি বিতরণ করেছে কলকাতার ব্যবসায়ীরা। শনিবার (২৭ জুন) কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা একে অপরকে মিষ্টিমুখ করান।
বিকেলে কলকাতার মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট ও নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের সংগঠন বৈঠকে আলোচনা করে, বাংলাদেশি পর্যটকদের কীভাবে আরো ভালো পরিষেবা দেওয়া যায়, নিরাপত্তা ব্যবস্থা কীভাবে জোরদার করা যায় এবং কোথায় কী ঘাটতি রয়েছে। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে পরিকাঠামোর বিষয়েও পর্যালোচনা করা হয়।
ব্যবসায়ীদের বক্তব্য, দুই বছর আগে বাংলাদেশিরা যে কলকাতা দেখে গিয়েছিলেন, এবারও যেন সেই পরিচিত কলকাতার স্বাদ পান তারা। কোনো ভয় বা অনিশ্চয়তা ছাড়াই যাতে পর্যটকরা কলকাতায় আসতে পারেন, সেই পরিবেশ তৈরি করাই তাদের লক্ষ্য।
২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ হয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রভাব পড়ে কলকাতার নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট ও লিন্ডসে স্ট্রিটের মতো পর্যটকনির্ভর ব্যবসায়িক এলাকায়। দীর্ঘ সময় ব্যবসা মন্দায় অনেক ব্যবসায়ী ঋণ নিতে বাধ্য হয়েছেন, কেউ ব্যবসা গুটিয়েছেন, আবার কেউ পেশাও পরিবর্তন করেছেন।












