ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, অভিন্ন ইতিহাসের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্ব ক্রমেই আরও বিকশিত হচ্ছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বারিধারায় ভারতীয় হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া স্বাধীনতা দিবসের বাণী পাঠ করে শোনানো হয়।
বক্তব্যে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। দুই দেশের জনগণের কল্যাণে এই অংশীদারত্ব আরও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতেও দুই দেশের একসঙ্গে কাজ করার বড় সুযোগ রয়েছে।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, জনগণের পারস্পরিক সম্পর্ক, অভিন্ন আকাঙ্ক্ষা ও সহযোগিতার মনোভাবই বাংলাদেশ-ভারত বন্ধুত্বের মূল ভিত্তি।
ভবিষ্যতে দুই দেশ অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।












