কক্সবাজারের মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
আহত অবস্থার একটি ছবি প্রকাশ করে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজার মেরিন ড্রাইভে তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় কোনো ক্ষতি না হলেও এই ঘটনাটি তাঁকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। অসাবধানতার কারণে কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে জীবন বদলে যেতে পারে, তা তিনি এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন।
দুর্ঘটনার পর নিজের ভক্ত ও অনুরাগীদের সতর্কবার্তা দিয়ে এই অভিনেতা জানান, রাস্তায় চলাচলের সময় সবার সচেতন হওয়া উচিত। মোটরসাইকেল চালানোর সময় সবসময় হেলমেট ব্যবহার করা এবং ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। কারণ প্রতিটি মানুষের জন্যই তাঁর পরিবার ও প্রিয়জনেরা অপেক্ষা করে থাকে। তাই তাড়াহুড়ো না করে নিরাপদে গন্তব্যে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জনপ্রিয় এই অভিনেতার দুর্ঘটনার খবরটি সামনে আসার পর তাঁর ভক্ত-অনুরাগীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। শুভাকাঙ্ক্ষী ও সাধারণ দর্শকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন।












