সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের তিন জনসহ পাঁচ জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫০), ইউসুফ আলীর দুই মেয়ে নিলুফা আক্তার (৩৫), কেয়া আক্তার (১৫) ও ভাতিজি জামাই ও একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন (৫৫) ও সিএনজিচালক। তবে নিহত সিএনজিচালকের পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, এদিন দুপুরে সিলেটে থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল রিফাত পরিবহন। এ সময় সুনামগঞ্জ থেকে সিএনজি ইন্নী পরিবহন-১ করে সিলেটে যাচ্ছিলেন ইউসুফ আলী, তার দুই মেয়ে ও ভাতিজী জামাই। পথে ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ করে রিফাত পরিবহনের বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং তাদের পরিবহন করা সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে গিয়ে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়।

এতে সিএনজির চালক ও ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। নিহতের দুই মেয়ে নিলুফা আক্তার, কেয়া আক্তার ও ভাতিজি জামাই মো. শাহাব উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের সবার মৃত্যু হয়। এ সময় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় চালকসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ বর্তমানে সুনামগঞ্জে রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।