বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। এ উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত ২৬ আগস্ট বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে পাঁচ দিনের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণী দিয়েছেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির যাত্রা শুরু হয়। তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠার পর চার দশকের বেশি সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি এখন তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিচালনা করছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তারই সহধর্মিণী খালেদা জিয়া। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন। কারাভোগ ও পরে অসুস্থতার কারণে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি।
তবে লন্ডনে নির্বাসিত থাকলেও ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তার ছেলে তারেক রহমান। ২০০৬ সাল থেকে ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে ছিল বিএনপি। জুলাই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। একই মাসের ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা ও দলের তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া।
এরপর ২০২৬ সালের ৯ জানুয়ারি দলের পূর্ণাঙ্গ চেয়ারম্যানের দায়িত্বপান তারেক রহমান। পরের মাসের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে গঠিত হয় তারেক রহমানে নেতৃত্বাধীন বিএনপি সরকার।
বর্ণাঢ্য কর্মসূচি
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে রয়েছে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
আগামী ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
মৎস্য অবমুক্তকরণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ২৬ আগস্ট এসব কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।












