আর কিছুদিন পরেই বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। ফুটবল উন্মাদনার এই আবহে প্রকাশ পেয়েছে বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি নতুন গান ‘সির সির’।
উৎসবের আমেজে তৈরি এই বিশেষ গানটিতে বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি শিল্পী ভেজড্রিমের সাথে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। সোমবার সন্ধ্যায় গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে বেশ প্রশংসাসূচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে গানের চমৎকার মিউজিক ও কোরিওগ্রাফি দর্শক-শ্রোতাদের দারুণভাবে মুগ্ধ করেছে।
গানটির মিউজিক ভিডিওতে একঝাঁক নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করেছেন নোরা ফাতেহি, আর সেখানে উপস্থিত ছিলেন সঞ্জয় ও ভেজড্রিমও।
গানটি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এবারের অফিশিয়াল অ্যালবামে জায়গা করে নিয়েছে। এই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কোনো শিল্পী বিশ্বকাপের মতো এত বড় অফিশিয়াল আয়োজনের সঙ্গে যুক্ত হলেন।
গান গাওয়ার পাশাপাশি এই ত্রয়ী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও সরাসরি পারফর্ম করবেন।
যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিন দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের আয়োজনে আন্তর্জাতিক পপ তারকা ও দক্ষিণ কোরিয়ার নামী তারকাদের সাথে একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের তরুণ গায়ক ও ডিজে সঞ্জয়।
চট্টগ্রামের লাভ লেন এলাকায় শৈশব কাটানো সঞ্জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।












