মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনা, প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আব্দুল লতিফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সাউথ ফ্লোরিডাসহ দেশ-বিদেশের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৭ আগস্ট) নিজ বাড়ির পাশের মসজিদে আসরের নামাজ আদায় করে বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থ বোধ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ। পরিবারের লোকজন তাঁকে প্রথমে ঝিকরগাছা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে পুলেরহাটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক ও সামাজিকভাবে সমগ্র কর্মময় জীবনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুম আব্দুল লতিফ ছিলেন সাউথ ফ্লোরিডার সবার অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব, ‘FB tv & FB news 24/7’-এর সিইও (CEO) এবং ৩১তম এশিয়ান ফুড ফেস্টিভ্যাল অ্যান্ড কালচারাল শো-এর মিডিয়া চেয়ারম্যান টিটন মল্লিকের শ্রদ্ধেয় শ্বশুর।

১৯৭১ সালে মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার জন্য তিনি জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশপ্রেম ও সাহসিকতার এক অনন্য প্রতীক ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

মুক্তিযুদ্ধের পর তিনি দীর্ঘদিন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর মাঝে একটি দীর্ঘ সময় তিনি আমেরিকা প্রবাসী ছিলেন। শেষ জীবনে গত এক দশক ধরে তিনি ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। নিজ জেলা ও উপজেলায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন অসাম্প্রদায়িক চেতনার সাদা মনের মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। জীবনের শেষ দিনগুলোতেও তিনি পরিজন ও স্বজনদের গভীর ভালোবাসায় সিক্ত ছিলেন।

তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে স্বজনেরা জানান, তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল ও বিনয়ী একজন মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্বজনরা আবেগঘন বার্তা শেয়ার করে তাঁর মাগফিরাত কামনা করেছেন। মুক্তিযুদ্ধের এই বীর সৈনিক দেশমাতৃকার সেবা নিয়ে যেমন গর্ববোধ করতেন, তেমনি পরিবারের প্রতিটি মানুষের প্রতি ছিলেন অত্যন্ত যত্নশীল।

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তাঁরা দোয়া প্রকাশ করে বলেন, “আল্লাহ তাআলা মহান এই বীর মুক্তিযোদ্ধাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমীন।”