পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের সীমান্তবর্তী এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।
আজ শুক্রবার (৩ জুলাই) সকালে বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর ডনের।
পুলিশ জানায়, ঝোব জেলার দানাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারানোর পর এটি খাদে পড়ে যায়। বাসটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল। এছাড়া পথে বিকল হয়ে পড়া আরেকটি বাসের যাত্রীদেরও এতে তোলা হয়েছিল।
উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এ ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।











