ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর বড় ও প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশার চলাচল বেড়েছে। এতে স্বল্প দূরত্বে মানুষের চলাচলে কিছুটা সুবিধা হলেও একই সঙ্গে যানজট, সড়কে বিশৃঙ্খলা ও নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে এসব রিকশার অনেক চালকের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই। যানবাহনগুলোর কারিগরি মান ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, সরকার দ্রুত নীতিমালা প্রণয়ন করে এসব বিষয় একটি নিয়মের মধ্যে আনতে চায়। কোন এলাকায় এবং কতটুকু এসব যান চলাচল করতে পারবে, যানবাহনের মান ও কারিগরি সক্ষমতা কী হবে—এসব নীতিমালায় স্পষ্ট করা হবে। এর ফলে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যানজট ও সড়ক নিরাপত্তার সমস্যা কমানো সম্ভব হবে বলে আশা করছে সরকার।

নীতিমালায় কোন এলাকায় এবং কী ধরনের সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে, তা স্পষ্ট করা হবে। পাশাপাশি যানবাহনের মান, নিরাপত্তা, কারিগরি সক্ষমতা এবং চালকদের প্রশিক্ষণের বিষয়েও নির্দেশনা থাকবে। এর মাধ্যমে রাজধানীতে এসব যানবাহনের চলাচলে একটি নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ডা. জাহেদ।

সংবাদ সম্মেলনে সরকারের অন্যতম প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরুর কথাও তুলে ধরেন তিনি। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

ডা. জাহেদ উর রহমান জানান, চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এ কর্মসূচিতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।ফ্যামিলি কার্ডে এত বড় অর্থ ব্যয়ের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রের অনেক অগ্রাধিকার রয়েছে। তবে সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করাও সরকারের একটি বড় অগ্রাধিকার।

উপদেষ্টা বলেন, ফ্যামিলি কার্ডের জন্য ব্যয় করা প্রায় ১৪ হাজার কোটি টাকার অর্থনীতিতে বহুগুণ প্রভাব তৈরি হতে পারে। অর্থের এই প্রবাহের ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগও তৈরি হবে।