ব্রাহ্মণবাড়িয়া সিএনজিচালিত অটোরিকশা ও মাছবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকালে সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার রামরাইল ব্রিজের বিজেশ্বর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন সিএনজি চালক মাহবুব আলম (৩৫), তিনি কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ এলাকার মৃত ছলো মিয়ার ছেলে, মাকসুদা আক্তার ও নিহত মাকসুদার ছেলে শিশু আশরাফুল (৭/৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী সিএনজিটি ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিল। পথে রামরাইল ব্রিজের বিজেশ্বর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার করে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার কর্মকর্তা মোঃ আবু তাহের দেওয়ান বলেন, সিএনজি ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।