দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৩ হাজার ৩৬০ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অন্তত ১৭২ জন। নিখোঁজের তালিকা ছাড়িয়েছে ৫০ হাজার।
বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দ্বিতীয় ভূমিকম্পটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্ধারকারী দল ও জরুরি সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড। পাশাপাশি ১৫ কোটি মার্কিন ডলারের সহায়তার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
ভূমিকম্পে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উত্তরাঞ্চল। চারদিকে ধ্বংসস্তূপ, বাড়ছে প্রাণহানির সংখ্যা। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এখনও শতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চল থেকে এখন পর্যন্ত ২০০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, মূল ভূমিকম্পের পর এ পর্যন্ত ২১৪টি পরাঘাত অনুভূত হয়েছে। এতে উদ্ধার অভিযান আরও ঝুঁকিপূর্ণ ও কঠিন হয়ে উঠেছে। এরপরও জীবিতদের উদ্ধারে দিন-রাত কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।










