সৌদি আরব এবং পাকিস্তানের সাথে তুরস্কের সদ্য স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি ইরানকে লক্ষ্য করে করা হয়নি বলে নিশ্চিত করেছে তুর্কি কর্তৃপক্ষ। শনিবার (৮ আগস্ট) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, এই চুক্তিতে ইরান বা অন্য কোনো দেশকে যৌথ হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার সৌদি আরবের মক্কায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন।

এ চুক্তিতে ন্যাটোর ধারার মতো এক দেশের ওপর হামলাকে জোটের সব দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করার ঘোষণা দেওয়া হয়েছে। ফিদান জানান, গত দুই বছর আট মাস ধরে এই চুক্তির প্রস্তুতি চলছিল, ফলে এটি ইরান ঘিরে তৈরি হওয়া সাম্প্রতিক উত্তেজনার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়।

তবে আঙ্কারার এই আশ্বাসের পরও চুক্তিটি নিয়ে অসন্তোষ ও সংশয় প্রকাশ করেছেন একাধিক ইরানি নীতি নির্ধারক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চুক্তি নিয়ে সরাসরি কিছু না বললেও আঞ্চলিক দেশগুলোকে বিদেশি ওপর নির্ভর না করে ‘প্রকৃত ভ্রাতৃত্ব’ চর্চা ও স্বনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন।