২৫০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকন-এর জায়গায় মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আগে থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে সমুদ্রে মোতায়েন থাকা লিংকনের নাবিকদের জীবনযাপন ও কাজের পরিবেশ নিয়ে উদ্বেগের মধ্যে এই রণতরী বদলের খবর এলো। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

গত বছরের নভেম্বরে আব্রাহাম লিংকনকে মোতায়েন করা হয়েছিল। পরে জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আগে সেটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়। যুদ্ধের সময় অপারেশন এপিক ফিউরিতে বিমানবাহী রণতরি ও এর যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রাখার কাজেও রণতরিটি যুক্ত ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন ২৫০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে। এর মধ্যে গত ২০০ দিনে কোনও বন্দরে থামেনি রণতরীটি। এ কারণে রণতরীতে থাকা নাবিকদের জীবনযাপন ও কাজের পরিবেশ নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাও-এর কাছে লেখা এক চিঠিতে সিনেটর রিচার্ড ব্লুমেনথাল লিখেছেন, ‘রণতরিতে মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি দূষণ, পয়োনিষ্কাশন ব্যবস্থার সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি, ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং ডাক ব্যবস্থায় বিঘ্ন ঘটার অনেক খবর পাওয়া গেছে।’

ব্লুমেন্থাল আরও বলেন, জাহাজে পাঠানো অনেক পার্সেল ও পরিবারের পাঠানো প্রয়োজনীয় সামগ্রী পথেই হারিয়ে গেছে। কয়েক মাস ধরে সেগুলোর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।