মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল অনুমোদন দেওয়া হয়েছে। যা ১ জুলাই থেকে কার্যকর হবে। সোমবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠক উপলক্ষে বিকেল সাড়ে ৪টা থেকেই মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষে আসতে থাকেন। ৫টার কিছু পরেও দু-একজন প্রতিমন্ত্রীকে বৈঠক স্থলে আসতে দেখা গেছে।

সন্ধ্যা ৭টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সভাকক্ষে এ বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।

মন্ত্রিসভা সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে বিভিন্ন গ্রেডের মূল বেতন পুনর্র্নিধারণের প্রস্তাব করা হয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর এখন নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অনুমোদিত বেতন কাঠামোর গেজেট প্রকাশে প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে।

গেজেট প্রকাশের পর নতুন পে-স্কেলের কার্যকর তারিখ, গ্রেডভিত্তিক পূর্ণাঙ্গ বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানা গেছে।