কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। আজ বুধবার (১৩ মে) সকাল ১০টা ৯ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অবস্থার অবনতি হলে বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে পরে জানাজা ও দাফনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ছাত্রজীবন থেকেই তার রাজনীতি শুরু হলেও বাংলাদেশের স্বাধীনতার পর তার আনুষ্ঠানিক নেতৃত্ব সুসংহত হয়। তিনি চট্টগ্রাম-১ (মীরসরাই) আসন থেকে একাধিকবার (১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (১৯৯৬-২০০১) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (২০১৪-২০১৯)।

মোশাররফ হোসেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম সদস্যও ছিলেন।

মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৯ সালে তিনি ‘স্বাধীনতা পদক’ পান।