যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি আর খোলা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, এই জলপথ দিয়ে চলাচল করতে হলে ইরানের অনুমতির প্রয়োজন হবে।
গত সপ্তাহান্তে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন গালিবাফ। তিনি তার পোস্টে আরো বলেন, প্রণালিটি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এবং এটি নিয়ন্ত্রণের নিয়মকানুন ‘সামাজিক মাধ্যমে নয়, বরং মাঠ পর্যায়ে নির্ধারিত হবে’।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর আগে ঘোষণা দেন, প্রণালিটি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘যুদ্ধবিরতির অবশিষ্ট মেয়াদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত’।
ট্রাম্প এই পদক্ষেপকে স্বাগত জানালেও জোর দিয়ে বলেছেন, সংঘাত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।
এদিকে আরাগচির এই মন্তব্য নিয়ে ইরানের কট্টরপন্থী ও কিছু গণমাধ্যম তীব্র সমালোচনা করেছে। তারা পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই বক্তব্যের ব্যাখ্যা দাবি করেন।
বিষয়টি পরিষ্কার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, তা মাঠপর্যায়ের বাস্তবতার ভিত্তিতে নির্ধারিত হবে; সামাজিক যোগাযোগমাধ্যমের কথায় নয়।’
মার্কিন প্রোপাগান্ডার সমালোচনা করে গালিবাফ বলেন, ‘গণমাধ্যম ও জনমত গঠন করা আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ইরানিরা কখনোই শত্রুদের এসব কৌশলে বিভ্রান্ত হবে না।’











