ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (২৭ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত আইআরজিসির এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় আইআরজিসি সতর্ক করে বলেছে, ‘যদি আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে আমাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক ও কঠোর হবে।’

বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই পাল্টা হামলা চালানো হয়েছে। তবে ঠিক কোন কোন ঘাঁটিতে এবং কী পরিমাণ আঘাত হানা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।

যুক্তরাষ্ট্রের হামলাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে আইআরজিসি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে। তারা বলেছে, “হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখন থেকে পুরোপুরি ইরানের সঙ্গে বোঝাপড়ার ওপর নির্ভর করবে। ভবিষ্যতে যেকোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে আরও ব্যাপক এবং কঠিন।”

এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, ওই জাহাজে হামলার জন্য তেহরান দায়ী।

বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে সম্পন্ন হয়। ফলে এ অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।