ভারত মহাসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ নৌ সেনাদের মধ্যে অভ্যন্তরীণ রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি গণমাধ্যমগুলো। বুধবার (১৩ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং মেহর নিউজ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকায় এর নৌসেনাদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। এমন পরিস্থিতিতে তাদের পরিবারের সদস্যরাও জাহাজটির দীর্ঘমেয়াদি মোতায়েনের প্রতিবাদ করেন।

এই পরিস্থিতিতে ক্রুদের অভিযোগ ও অসন্তোষ নিয়ে কথা বলতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে যান। তাসনিম নিউজ একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সেখানে নৌসেনাদের একটি সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টাকে দুয়োধ্বনি দেওয়া হয় এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মধ্যে মানসিক চাপ ও অসন্তোষ নিয়ে উদ্বেগ বাড়ছে। জাহাজটির প্রায় ৫ হাজার নাবিক ও সেনা মাসের পর মাস সমুদ্রে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে মার্কিন সামরিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে, জাহাজটির আভ্যন্তরীণ জীবনযাত্রার পরিস্থিতি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন সিনেটররা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকন থেকে কয়েকজন নাবিকের সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা এবং তা ঠেকানোর কথা জানিয়েছে মার্কিন সামরিক সংবাদমাধ্যম নেভি টাইমস ও স্টারস অ্যান্ড স্ট্রাইপস।

জাহাজটির বর্তমান মোতায়েনের মেয়াদ এরইমধ্যে নয় মাসে পৌঁছেছে। এ সময়ে এটি টানা ২৫০ দিনের বেশি তীরে না ভিড়ে সমুদ্রে ছিল, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরির জন্য রেকর্ড বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করাই রণতরীটির প্রধান মিশন বলে দাবি করা হয়েছে।

এ ছাড়া রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে অবস্থান করেছে, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ একটানা সমুদ্র মোতায়েন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে জুলাইয়ে ওমানে স্বল্প সময়ের জন্য এটি বিরতি নিয়েছিল।