মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যার মাত্রা রিখটার স্কেলে ৭.১ রেকর্ড করা হয়েছে। ভূপৃষ্ঠে কম্পনটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে শুরু হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল রাজধানী কোটা কিনাবালু থেকে প্রায় ১০০ কিলোমিটারেরও কম উত্তর-পূর্বে অবস্থান করছিল। কম্পনের গভীরতা প্রায় ৬১৯.৮ কিলোমিটার মাপা হয়েছে।

তবে উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। গভীর সমুদ্রে বা ভূ-অভ্যন্তরের অনেক নিচে কম্পন সৃষ্টি হওয়ায় উপকূলে এর প্রভাব নিয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে কোনো হতাহত বা জানমালের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।