মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাজাং অঞ্চলের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সমন্বিত অভিযান চালিয়ে ৮৭ জন বাংলাদেশিসহ মোট ১১২ জন প্রবাসী অভিবাসীকে আটক করেছে স্থানীয় ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

বুধবার সকাল থেকে পরিচালিত এই এনফোর্সমেন্ট কার্যক্রমে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের ২০ সদস্যের একটি বিশেষ দল অংশগ্রহণ করে। ‘অপস বেলাঞ্জা’, ‘অপস মিনিয়াক’, ‘অপস মাহির’ এবং ‘অপস সেলেরা’—এই চার নামে পৃথক অভিযান চালিয়ে অভিবাসীদের বৈধ কাগজপত্র পরীক্ষা করা হয়।

সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন এক বিবৃতিতে জানান, মোট ১১৪ জনের কাগজপত্র যাচাই করে ১১২ জন প্রবাসীর বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ভঙ্গের প্রমাণ পাওয়া যায়। আটককৃতদের মধ্যে ৮৭ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশিয়ান, ৫ জন মিয়ানমারের এবং ৭ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের বয়স ১৪ থেকে ৫২ বছরের মধ্যে, যার মধ্যে ৯৮ জন পুরুষ এবং ১৪ জন নারী।

ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত অনুযায়ী, আটক ব্যক্তিরা পাসপোর্ট ছাড়া অবৈধ বসবাস, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের মতো বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

আটককৃত ১১২ জন অভিবাসীকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও বিস্তারিত তদন্তের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের অফিসে রূপান্তর করা হয়েছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট অভিবাসন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।