বাংলাদেশের মাটিতে প্রথমবার পা রাখতে চলেছে মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দল। আগামীকাল বুধবার ঢাকায় পৌঁছাবে তারা। ১৩ দিনের এই সফরে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে অতিথিরা। ৮ ও ১০ আগস্ট দুইটি টি-টোয়েন্টি এবং ১২, ১৪ ও ১৬ আগস্ট তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই সিরিজে মালয়েশিয়ার প্রতিপক্ষ হিসেবে খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিট।
আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে ডাক পেয়েছেন জাতীয় দলের এক সময়ের তারকা হার্ডহিটার সাব্বির রহমান। সুযোগ পেয়েছেন দেশের উদীয়মান কয়েকজন ক্রিকেটার। দলের নেতৃত্বে রয়েছেন এস এম মেহরব হোসেন।
আরও আছেন আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু হায়দার রনি ও রাকিবুল হাসানের মতো পরিচিত নাম। মূলত জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড় ও ঘরোয়া তরুণদের নিয়েই দল সাজানো হয়েছে।
এই সফরে মালয়েশিয়া তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজও খেলবে। সেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচগুলো হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট।
বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াড:
জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহেরব (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।












