দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে। এ ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর উৎপাদন বন্ধ করে ত্রুটি শনাক্তের কাজ শুরু করা হয়। বর্তমানে প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল।
এদিকে, বর্তমানে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে বর্তমানে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।












