প্রথমার্ধে বেশ ভালো লড়াই করেছিল যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা। ঘরের মাঠে রীতিমতো বিধ্বস্ত হয়েছে তারা। মার্কিনিদের ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত হওয়া ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এর ফলও পেয়ে যায় দ্রুত। ম্যাচের নবম মিনিটে বক্সের ভেতর সহজ সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলারে।
ম্যাচের শুরুতেই লিড পায় বেলজিয়াম। ৯ মিনিটেই গোলের দেখা পায় বেলজিয়াম। বক্সের ভেতর বল জালে জড়ান চার্লস ডি কেটেলারা।
এরপর ম্যাচে ৩১ মিনিটে সমতায় ফিরে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত এক ফ্রি–কিক থেকে গোল করেন মালিক টিলম্যান। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
৩৩ মিনিটে নিজের ও বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোল করেন ডি কেটেলারা। এতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজতে থাকে বেলজিয়াম, আর ম্যাচে ফেরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। কিন্তু ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য এক ভুলে চোখে ঝাপসা দেখা শুরু করে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র।
বল ক্লিয়ার করতে পেনাল্টি বক্স ছেড়ে অনেক দূর পর্যন্ত বেরিয়ে আসেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজ। কিন্তু তিনি বলে ঠিকমতো স্পর্শ করতে ব্যর্থ হন। সেই সুযোগে বলের নিয়ন্ত্রণ নেন ম্যাক্সিম ডি কুইপার। পরে তার কাছ থেকে বল পেয়ে হান্স ফানাকানের শটটি যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার টিম রিম সহজেই ঠেকিয়ে দিতে পারতেন। কিন্তু তিনিও বল মিস করলে সেটি গড়িয়ে জালে জড়িয়ে যায়। একের পর এক ভুলে বেলজিয়াম ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩) শেষ আঘাত হানেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। তার গোলে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বেলজিয়াম।












