ইরান নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। বুধবার (১০ জুন) দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই এই ঘটনা ঘটে। এমকিউ-৯ ড্রোনটির বাজারমূল্য ৩০ মিলিয়ন ডলারেরও বেশি যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩০০ কোটিরও বেশি।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বুশেহের প্রদেশের জামে এলাকায় ড্রোনটি লক্ষ্য করে আঘাত হানা হয়। ড্রোনটি ভূপাতিত করতে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, সম্প্রতি দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কিশমি দ্বীপে চালানো মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনভিত্তিক মার্কিন নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। আইআরজিসির জানায়, সিরিক শহরের বামানি জেলায় মার্কিন হামলায় একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত এবং দুটি পানির ট্যাংক ধ্বংস হওয়ার পর তারা এই পাল্টা পদক্ষেপ নেয়।

আইআরজিসি আরও জানায়, স্থানীয় সময় রাত আড়াইটায় তাদের নৌবাহিনী মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে এই ড্রোন অভিযান শুরু করে। বর্তমানেও দুপক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘাত চলছে উল্লেখ করে বিবৃতিতে সতর্ক করা হয়েছে, মার্কিন হামলা অব্যাহত থাকলে এর চেয়েও ‘আরও ভয়াবহ জবাব’ দেওয়া হবে।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের বিরুদ্ধে তাদের তথাকথিত ‘আত্মরক্ষামূলক’ হামলা সম্পন্ন করার ঘোষণা দেয়।

সেন্টকমের দাবি, পূর্বে একটি মার্কিন আর্মি অ্যাপাচে হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালির কাছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সাইটগুলোতে এই হামলা চালিয়েছিল।