ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি হওয়া অসম্ভব নয় বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, পুতিনের সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান এ মন্তব্য করেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টার আলোচনা শেষ হয় আজ সকালে। ওই আলোচনা শেষ হওয়ার পর পুতিন ও পেজেশকিয়ানের মধ্যে এ ফোনালাপ হয়।

এর আগে রয়া নিউজের এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অবহিত করেছেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, অঞ্চলের সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে সহায়তা করতে রাশিয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন পুতিন। উত্তেজনা কমানো এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সংলাপ এগিয়ে নিতে মস্কোকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরা হয়েছে।

এতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যে ‘ন্যায্য ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতিও সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

এ উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে, যখন বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা একযোগে চলমান এবং আন্তর্জাতিক মহল আঞ্চলিক সংঘাতের প্রভাব নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

রয়া নিউজের প্রতিবেদনে বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে পুতিনের এই ফোনালাপ মধ্যপ্রাচ্যের সংকটগুলোতে রাশিয়ার সক্রিয় ভূমিকা এবং নিজেকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টারই অংশ।