রাজধানীতে মধ্যরাত থেকে একটানা তুমুল বৃষ্টি হচ্ছে। এতে কোনো কোনো এলাকায় হাঁটুসমান পানি জমেছে। রাজধানীর বিভিন্ন এলাকার নিচু সড়কগুলো ভারী বর্ষণের পানিতে তলিয়ে গেছে। এরইমধ্যে কর্মদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে ট্রাফিক পুলিশ।
রোববার (১২ জুলাই) বেলা ১১টার পর ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, টানা ভারী বৃষ্টির কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলী র্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেটসহ মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে পড়েছে এবং কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে কাকলী মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে মোটরযান চালক ও পথচারীদের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে- অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার করুন, জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন। পাশাপাশি সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, রাজধানীতে সবশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর গ্রিন রোড, তেজতুরীবাজার, পান্থপথ, মণিপুরীপাড়া, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, বিজয়নগর, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকায় রাস্তায় কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি দেখা গেছে। মিরপুরে মূল সড়কেও হাঁটুপানি দেখা গেছে।
জলাবদ্ধ পরিস্থিতির কারণে যানবাহনের সংখ্যাও কম। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। কয়েকটি স্কুলে স্থগিত করা হয়েছে পরীক্ষা।
তবে সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষজন। জীবিকার তাগিদে তাদের রাস্তায় নামতেই হচ্ছে। তুমুল বৃষ্টিতে ভিজেই তারা যাত্রীদের পৌঁছে দিচ্ছেন গন্তব্যে। এদিকে, সাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধি এবং বায়ুচাপের তারতম্যের কারণে গেল এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।












