রাজধানীর রামপুরা এলাকায় গুলিবিদ্ধ হয়েছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কালা পলাশ। শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে টিভি সেন্টার এলাকার এক মসজিদে জুমার নামাজ শেষে বাসায় ফেরার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, আজ পলাশের বাসায় মিলাদ ছিল। মসজিদে জুমার নামাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি রামপুরা টিভি সেন্টারের উল্টো পাশে দাঁড়িয়ে ছিলেন। এই সময় মোটরসাইকেলযোগে এসে দুই অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়।
পলাশ বেঁচে আছেন নাকি মারা গেছেন- জানতে চাইলে ওসি বলেন, ঘটনার পরপর পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বেঁচে আছেন কি না সেটা এখনো বলতে পারছি না।
পুলিশ জানায়, পলাশ দীর্ঘ ২৫ বছর কারাদণ্ড ভোগ করে কিছুদিন আগেই কারাগার থেকে মুক্তি পায়।












