ইউক্রেনের বিস্ফোরকবাহী ড্রোনের একাধিক হামলায় রাশিয়ার মস্কো ও তামবভ অঞ্চলে আটজন নিহত হয়েছেন। এ হামলায় কয়েকটি বড় গুদামে আগুন ধরে যায় এবং কয়েক ঘণ্টা ধরে আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে থাকে। শনিবার (১৮ জুলাই) রুশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
রুশ কর্মকর্তারা জানান, শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত ইউক্রেনের ড্রোন হামলায় তামবভ অঞ্চলের কতোভস্ক ও মস্কোর পূর্বে ইলেকট্রোস্তাল শহরে অবস্থিত ওয়াইল্ডবেরিজের দুটি গুদামে আগুন ধরে যায়। কতোভস্কের গুদামে রাতের শিফটে কর্মরত সাত শ্রমিক নিহত এবং আরও ২৫ জন আহত হন।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, ইলেকট্রোস্তালের উত্তরে নোগিনস্ক শহরের একটি তেল ডিপোতেও ড্রোন হামলা হয়েছে। এতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কাছের একটি মাতৃসদন হাসপাতাল ও আবাসিক ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ড্রোনের ধ্বংসাবশেষ একটি কিন্ডারগার্টেন ভবনে পড়ে আগুন লাগলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, মস্কো অঞ্চলে মোট ৬১ জন আহত হয়েছেন। এর মধ্যে ৪০ জন হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের একজন পরে মারা যান।












