রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদ্যন্ত্রে ব্লক শনাক্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি করে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। মঙ্গলবার (১২ মে) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাজ্যে অবস্থানরত তার ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হকের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদযন্ত্রের একটি ধমনীতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে সেখানে একটি স্টেন্ট বা রিং স্থাপনের সিদ্ধান্ত নেন।
বর্তমানে রাষ্ট্রপতি ওই হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (NUH)-এ ওপেন হার্ট সার্জারি করান মো. সাহাবুদ্দিন। পরবর্তীতে হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতার চিকিৎসার অংশ হিসেবে তিনি ক্যামব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে ফলো-আপ চিকিৎসা গ্রহণ করে আসছেন।











