রাষ্ট্রপতি নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে ক্ষমতাসীন বিএনপি। সংসদে দলটির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় সংসদের বিরোধী দল তথা ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। আজ দুপুর পৌনে ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন বিরোধী জোটের নেতারা।
ঘোষিত সূচি অনুযায়ী, আজ মনোনয়নপত্র জমা পড়া শেষে আগামী ১৬ আগস্ট তা যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। যদি একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন, তবে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।












