দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি বেলজিয়াম। ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইউরোপের দলটি। রুদ্ধশ্বাস এই জয়ের পর বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া বলেছেন, “বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব।”
ম্যাচে একপর্যায়ে ২–০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল সেনেগাল। তবে ম্যাচের শেষ দিকে মাত্র তিন মিনিটের ম্যাজিকে পাশার দান উল্টে দেয় বেলজিয়াম। ৮৬ মিনিটে রোমেলু লুকাকু এবং ৮৯ মিনিটে ইউরি টিলেমান্সের চোখধাঁধানো গোলে সমতায় ফেরে তারা। ২–২ সমতায় নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (১২৫ মিনিট) নাটকের চূড়ান্ত মুহূর্ত তৈরি হয়। বেলজিয়ামের টিলেমান্সকে ডি-বক্সে ফাউল করা হলে ভিএআর (ঠঅজ) পর্যালোচনার মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এর কিছুক্ষণ আগে ডোডি লুকেবাকিওর একটি শট ক্রসবারে লেগে ফিরে আসায় নিশ্চিত গোল বঞ্চিত হয়েছিল দলটি। তবে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে বেলজিয়ামের ৩-২ ব্যবধানের জয় ও শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেন ইউরি টিলেমান্স।












