লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় তিনি নিহত হন।
বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জের শেখ মোফাজ্জলের মেয়ে। বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই হামলায় দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।
এদিকে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দিপালীর লাশ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ শনাক্ত ও পরবর্তী প্রক্রিয়া নিয়ে দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
দিপালীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।











