চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপক্ষীয় সভার পর এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও এই তথ্য জানানো হয়।
হুমায়ুন কবির “চীনের মান্যবরের সাথে জনাব তারেক রহমান সাক্ষাৎ করেছেন, বৈঠকে হয়েছে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন। এই বৈঠকের পর আবার আলাদাভাবে একান্ত বৈঠক এটা নজিরবিহীন।”
হুমায়ুন কবির বলেন, “এই একান্ত বৈঠকের মধ্য দিয়ে আপনারা বুঝতে পারেন, আমাদের প্রধানমন্ত্রীকে কতটুকু গুরুত্ব দেন এবং বাংলাদেশকে কীভাবে চীনের রাষ্ট্রপতি তথা চীনের সরকার দেখে থাকে।”
বেইজিং সফরের শেষ দিনে স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৫০ মিনিটের দ্বিপক্ষীয় বৈঠক বসে। এর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শন করেন।
রুমন জানান, এদিন সকাল সোয়া ৯টায় সফর সঙ্গীদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচি’র সঙ্গে সাক্ষাৎ করেন।
সফর শেষে এদিনই বিকাল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বাংলাদেশ সময় রাত ৮টার পর তাদের ঢাকায় পৌঁছানোর কথা।












