দলের আলোচিত নেতা শুভেন্দু অধিকারীর ওপরই আস্থা রাখতে যাচ্ছে বিজেপি। তিনিই হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীকাল শনিবার (৯ মে) তিনি শপথ নেবেন। এর মাধ্যমে রাজ্যে প্রথমবার কোনও বিজেপি নেতার নেতৃত্বে সরকার গঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৮ মে) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ পশ্চিমবঙ্গে সফরে এসে তার নাম চূড়ান্ত করেন। বিকেলে বিজেপির পক্ষ থেকে তার নাম ঘোষণা হয়।

রাজ্য রাজনীতিতে কয়েক দশকের চেষ্টায় বাম ও আঞ্চলিক শক্তিকে হটিয়ে বিজেপির এই উত্থানকে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ২৯৪ সদস্যের বিধানসভায় ২৯৩টি আসনে লড়ে ২০৭টিতে বিশাল জয় পাওয়ার কয়েক দিন পরই এই ঘোষণা দেওয়া হলো।

গত ৪ মে ঘোষিত ফলাফলে দুই শতাধিক আসনে বিজয়ী হয় কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সংঘটিত হচ্ছে এবং এবারের নির্বাচনেও তিনি নেতৃত্ব দেন।

তৃণমূল কংগ্রেসের সাবেক এই নেতা এবার দুটি আসনে নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এর মধ্যে সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও হারিয়েছেন শুভেন্দু অধিকারী।