জাতীয় সংসদেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা, সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন হবে, রাষ্ট্রপতির ভাষণের ওপরে কত ঘণ্টা আলোচনা হবে, সেসব নিয়ে বৈঠকে কথা হয়েছে।
তিনি আরও বলেন, অন্তবর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশগুলো বিশেষ কমিটিতে যাবে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠন না হওয়া পর্যন্ত ট্রাডিশন অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হয়। অধ্যাদেশ ও বিলগুলো বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, রোববার (১৫ মার্চ) অধিবেশনের পর মুলতবি হয়ে ঈদের পর ২৯ মার্চ ফের সংসদ অধিবেশন বসবে। এপ্রিল মাসজুড়ে অধিবেশন চালু থাকবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অন্তর্র্বতী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে। সেখানে যাচাইবাছাইয়ের পর প্রতিবেদন আকারে সংসদে উত্থাপন হবে।












