চলতি বছরের শুরু থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপের দেশ ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। এর পরেই রয়েছে সোমালিয়া ও সুদানসহ আফ্রিকার বিভিন্ন দেশ।

আর এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন পাকিস্তানিরা। তবে স্বস্তির বিষয় হলো, গত দুই বছরের একই সময়ের তুলনায় এবার সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো মোট অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে জানা যায়, ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন দেশের মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী দেশটির উপকূলে পৌঁছেছেন।

দেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, আগমনকারীদের মধ্যে ৪ হাজার ৩১৪ জনই বাংলাদেশি, যা মোট অভিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ।

বাংলাদেশিদের পর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া, যেখান থেকে পৌঁছেছেন ১ হাজার ৭০২ জন। এছাড়া অন্যান্য দেশের মধ্যে সুদান থেকে ১,৩৭১ জন, পাকিস্তান থেকে ১,১৮৫ জন, আলজেরিয়া থেকে ১,১০৬ জন এবং মিশর থেকে ৯৩৬ জন অভিবাসী ইতালিতে প্রবেশ করেছেন।

তালিকায় পরবর্তী স্থানগুলোতে রয়েছে ইরিত্রিয়া, টিউনিশিয়া, মালি, নাইজেরিয়া, আইভরি কোস্ট, ইথিওপিয়া, ইরান, দক্ষিণ সুদান ও গিনি। এর বাইরে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় থাকা আরও ১ হাজার ১৬৩ জন বিভিন্ন দেশের নাগরিক এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন পাকিস্তানি নাগরিকেরা এবং অন্যান্য শীর্ষ অবস্থানে রয়েছে আফ্রিকার বিভিন্ন দেশ।

উল্লেখযোগ্যভাবে কমেছে আগমনের হার পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে সমুদ্রপথে ইতালিতে অভিবাসী আগমনের হার গত দুই বছরের তুলনায় প্রায় অর্ধেক কমেছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত যেখানে ৩১ হাজার ৪৩০ জন এবং ২০২৪ সালের একই সময়ে ২৬৬ ৬৬৪ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছিলেন, সেখানে চলতি বছরের এই সময়ে এসে তা দাঁড়িয়েছে মাত্র ১৪ হাজার ৬২৩ জনে। এই সংখ্যাটি ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম।

চলতি ২০২৬ সালের মাসভিত্তিক উপাত্তেও এই হ্রাসের চিত্র স্পষ্ট। জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই আগমন কম ছিল। মাসভিত্তিক হিসেবে—জানুয়ারিতে ১,৪৫৭ জন, ফেব্রুয়ারিতে ২,৫১০ জন, মার্চে ২,১৫০ জন, এপ্রিলে ২,৪৫৯ জন, মে মাসে ৩,০৫৪ জন এবং জুনে ২,৭৫৮ জন অভিবাসী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে, যা চূড়ান্ত যাচাই-বাছাই শেষে সামান্য পরিবর্তিত হতে পারে।