জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া ‘কালচারাল ফ্যাসিস্ট’ নামে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। রোববার (২৬ জুলাই) পৃথকভাবে এসব অভিযোগ দায়ের করে বাংলাদেশ আজাদ পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম।
অভিযোগ জমা দেওয়ার পর অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, অভিযোগপত্র দুটি গ্রহণ করা হয়েছে। তবে সেগুলোর বিস্তারিত এখনো পর্যালোচনা করা হয়নি। একটি অভিযোগ বাংলাদেশ আজাদ পার্টি এবং অন্যটি রাষ্ট্রসংলাপ ফোরামের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে।
রাষ্ট্রসংলাপ ফোরাম তাদের অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজন পরিচিত ব্যক্তির বিরুদ্ধেও আইনানুগ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
তাদের প্রকাশিত তালিকায় অভিনেতা-অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে রয়েছেন ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, জায়েদ খান, সুজাতা আজিম, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর এবং মারিয়া কিসপট্টা।
এখন অভিযোগগুলো প্রাথমিকভাবে পর্যালোচনার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।












