গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর–ফুলবাড়িয়া–মাওনা আঞ্চলিক সড়কের মেদী আশুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈর থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে খোলা কাগজকে বলেন, ‘দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুই জন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’